অনলাইন নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ময়মনসিংহের একটি হাসপাতালে একজন চিকিৎসকের সঙ্গে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বাহাসের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর ওই চিকিৎসককে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
ওই চিকিৎসক সাংবাদিকের কাছে অভিযোগ করেছেন যে, মহাপরিচালক ‘তাচ্ছিল্যপূর্ণ’ দৃষ্টিতে পরপর তিনবার তার নাম জানতে চাওয়ায় তিনি অসম্মানিত বোধ করে ওমন ‘রিয়েকশন’ দেখিয়েছেন।
একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতের অনিয়ম, নিজেদের বঞ্চিত হওয়া ও চিকিৎসকদের হয়রানির নানা অভিযোগ তুলেছেন।
এসব বিষয়ে কথা বলার জন্য মহাপরিচালকের সঙ্গে বিবিসি বাংলার পক্ষ থেকে কয়েক দফা চেষ্টা করেও কথা বলা যায়নি।
তার নাম্বারে দেয়া ফোন রিসিভ করা তার ব্যক্তিগত সহকারীকে কয়েক দফা অনুরোধ করে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওদিকে সামাজিক মাধ্যমে অনেকেই মহাপরিচালকের সঙ্গে কথা বলার সময় ওই চিকিৎসকের দৃঢ়তার প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার কথা বলার ধরণ শোভনীয় ছিলো না।
তবে স্বাস্থ্য বিভাগেরই সাবেক পরিচালক বেনজির আহমেদ বিবিসি বাংলাকে বলছেন, “চিকিৎসক ও ডিজির বাহাসের মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা সংকটের করুন অবস্থার প্রকাশ পেয়েছে। বিশেষ করে সরকারি খাতের চিকিৎসকদের মধ্যে যে বঞ্চনা, ক্ষোভ ও অসন্তোষ আছে এটি তারই বহিঃপ্রকাশ।
সন্ধ্যার পরে অব্যাহতি পাওয়া ওই চিকিৎসক বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন।



