রাজধানীর উত্তরা থেকে আসিফ মাহমুদ নামের এক ইমপোর্ট-এক্সপোর্ট ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার একদিন পর তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উত্তরাস্থ নিজ বাসা থেকে বের হন আসিফ মাহমুদ। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের পরদিন আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৪ মিনিটে আসিফের ছোট ভাই আবিদের মোবাইল ফোনে ‘নাহিদ’ পরিচয়ে এক ব্যক্তি কল দেয়। ফোনে আসিফকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১৫ লাখ টাকা দাবি করা হয় এবং অপহরণকারীরা বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থান করছে বলে জানানো হয়।
ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানানো হলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এভাবে নিখোঁজ হওয়ায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। ব্যবসায়ী আসিফ মাহমুদকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।


