নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জোরপূর্বক জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল ইসলাম (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অপর পক্ষ বিষয়টিতে সমঝোতার নথিতে বহিরাগতদের এনে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ তুলেছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগসূত্রে জানা যায়, ঢাকার কদমতলী থানার পূর্ব কদমতলী (দক্ষিণ মোহাম্মদবাগ) এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (পিতা- রেশমত আলী) ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর/দেউলপাড়া এলাকায় ৪ শতাংশ জমির মালিক। তবে তার প্রতিবেশী শাহীন সুলতান (৫০) (পিতা- সিদ্দিকুর রহমান, সাং- দৌলতপুর, কুতুবপুর) বিগত কয়েক মাস পূর্বে বাদীর অজান্তে ওই জমির ০.৪৪ অযুতাংশ সম্পত্তি দখল করে নেন। পরবর্তীতে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে বিবাদী কালক্ষেপণ ও টালবাহানা শুরু করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় বাদী নজরুল ইসলাম সরকারি সনদপ্রাপ্ত আমিন দ্বারা জমি পরিমাপ করিয়ে নিজ ৪ শতাংশ সম্পত্তিতে সীমানা প্রাচীর (বাউন্ডারি দেওয়াল) নির্মাণ করতে যান। এ সময় বিবাদী শাহীন সুলতান ক্ষিপ্ত হয়ে নির্মিত দেওয়াল ভেঙে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের উদ্যোগ নেন। বাদীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদী হুমকি দিয়ে জানান, তিনি দখল করা সম্পত্তি ফেরত দেবেন না এবং সেখানে যেতে দেবেন না। ঘটনাটি থানা-পুলিশ বা অন্য কাউকে জানালে বাদীকে প্রাণে মেরে ফেলা এবং পরিবারসহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এদিকে জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা গেছে, এর আগেও সরকারি সনদপ্রাপ্ত সার্ভেয়ার মো. শামীম মিয়া এবং আমিন ইমতিয়াজ আহমেদ হিরোসহ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত জমির পরিমাপ ও আপসনামা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছিল।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল মেসেজে বিবাদী পক্ষের একটি পাল্টা বক্তব্য সামনে এসেছে। সেখানে বিবাদী পক্ষের দাবি, তাদের বাড়ি ও জায়গার বিরোধ নিষ্পত্তির নামে ‘বাবলু’ নামক এক ব্যক্তির নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা (জুলাই যোদ্ধা পরিচয়ে) এসে খালি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়। পরবর্তীতে সেই সমঝোতার কাগজ ফেরত চাইলে তা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এড়িয়ে যাওয়া হয়। ফলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম অসন্তোষ ও জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে এবং উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



