বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন কিংবা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও রাজধানীর কদমতলী এলাকার একটি ফার্মেসিতে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখার অভিযোগ উঠেছে মোঃ জামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় মেরাজনগর বাজারের ‘সেতু ফার্মেসি (সেতু মেডিকেল)’-তে পরিচালিত এই চেম্বারে রোগীপ্রতি ২০০ টাকা ভিজিট নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সেবা নিতে আসা রোগীরা।
সরেজমিনে মেরাজনগর বাজারের ওই ফার্মেসিতে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগীরা সিরিয়াল দিয়ে সেবা নিচ্ছেন। ফার্মেসির ভেতরের একটি অংশে চেম্বার সাজিয়ে স্টেথোস্কোপ ও নিজস্ব প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। রোগীদের মধ্যে নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের উপস্থিতিই বেশি।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা ছামছুদ্দিন জানান, সরকারি হাসপাতালের দীর্ঘ লাইন ও দূরত্বের ঝামেলার কারণে দ্রুত সেবা পেতে অনেকেই এখানে আসেন। আরেক সেবাগ্রহীতা জানান, দীর্ঘদিন ধরেই তিনি এখানে ২০০ টাকা ফি দিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।
তবে অনুসন্ধানে জানা যায়, মোঃ জামাল হোসেন মূলত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের একজন ‘সি’ গ্রেড ফার্মেসি টেকনিশিয়ান (যার সনদ ২০২১ সালে উত্তীর্ণ হয়েছে) এবং পল্লী চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসার ওপর বিভিন্ন স্বল্পমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু তাঁর ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে সরাসরি “ডাঃ মোঃ জামাল হোসেন” পদবি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় ‘ফারিহা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর একটি প্যাথলজিক্যাল রিপোর্টেও রেফারার হিসেবে তাঁর নাম “Dr. Jamal Hossain” হিসেবে উল্লেখ পাওয়া গেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এটি দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ধারা ২৯ অনুযায়ী, বিএমডিসি স্বীকৃত ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি নিজের নামের পূর্বে ‘ডাক্তার’ বা ‘ডাঃ’ পদবি ব্যবহার করতে পারেন না। এ আইন অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ। এছাড়া পল্লী চিকিৎসা বা ফার্মেসি সনদের শর্ত অনুযায়ী কেবল জরুরি প্রাথমিক ফার্স্ট এইড দেওয়ার নিয়ম থাকলেও আলাদা প্যাড ছাপিয়ে ভিজিট গ্রহণ কিংবা ডায়াগনস্টিক পরীক্ষার নির্দেশ দেওয়ার কোনো আইনি এখতিয়ার নেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া রোগ নির্ণয়, ইনজেকশন প্রয়োগ বা উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া রোগীর স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকির কারণ হতে পারে। সম্প্রতি স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এই প্র্যাকটিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এলাকাবাসীকে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিভিল সার্জন জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজি হেলথ) মনিটরিং ও হাসপাতাল প্রশাসন শাখার এখতিয়ারভুক্ত হওয়ায় সেখানে আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য রক্ষায় ফার্মেসির আড়ালে এমন অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।



