বিশেষ প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় আদালতের স্থিতিবস্থা (Status Quo) অমান্য করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ (রহ.) প্রতিষ্ঠিত ‘আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট’ ও এর আওতাধীন ‘তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা’ প্রাঙ্গণে দিনদুপুরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ট্রাস্ট পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত মাদ্রাসা ও ট্রাস্টের নিজস্ব মার্কেট প্রাঙ্গণে ৫০–৬০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর টপকে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় বাধা দিলে মাদ্রাসার সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে (৬৫) অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে হামলাকারীরা মাদ্রাসার শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। একই সাথে লকার ভেঙে মাদ্রাসার ফান্ডে থাকা নগদ ২০ লাখ টাকা, ২টি ল্যাপটপ ও ১০টি মনিটরসহ প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে আশুলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং-১১৩) দায়ের করেছেন।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, জমি ও মার্কেট নিয়ে বিরোধের জেরে ট্রাস্টের সেক্রেটারি সৈয়দ আলী রায়হান বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত, ঢাকায় একটি দেওয়ানী মোকদ্দমা (নং- ৪৫৯/২০২৬) দায়ের করেছিলেন। বিজ্ঞ আদালত সমস্ত নথিপত্র পর্যালোচনা করে তাহফিজুল কোরআনীল কারিম স্নাতক ফাজিল মাদ্রাসা ও আসিয়া আশরাফ মহিলা মাদ্রাসাসহ সংশ্লিষ্ট সম্পত্তির ওপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন এবং বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেন। আদালতের এই সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও চিহ্নিত ভূমিখেকো চক্রটি তা অমান্য করে তাণ্ডব চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির শতকোটি টাকার সম্পত্তির ওপর দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি কুচক্রী মহলের নজর ছিল। ট্রাস্টের নেতৃবৃন্দের অভিযোগ, বিগত প্রায় দুই দশক ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চক্রটি সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
মাদ্রাসার উপ-পরিচালক সৈয়দ সানজিদ ও ট্রাস্টের সেক্রেটারি সৈয়দ আলী রায়হান জানান, এতিম ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় নির্বাহের অর্থ এবং মূল্যবান সম্পদ লুট হওয়ায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাঁরা বলেন, “ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর সারাজীবনের এই আমানত আজ চরম হুমকির মুখে। আমরা ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও স্থায়ী সমাধান পাচ্ছি না। পবিত্র কোরআনের আলো ছড়ানো এই শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাত্র ৫ মিনিটের সময় ও সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে দিনদুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলা ও লুটের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসলমানেরা। তাঁরা অনতিবিলম্বে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং আদালতের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জা
নিয়েছেন।



