নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জুরাইন এলাকায় সর্বস্তরের জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। এ সময় স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে জামায়াত নেতারা জানান, আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে এ ঐতিহাসিক লংমার্চ শুরু হবে। গণমানুষের দাবি আদায়ে ঘোষিত এই কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
লংমার্চের মূল ৬ দফা দাবি:
- গণভোটের গণরায় বাস্তবায়ন
- জুলাই গণহত্যার বিচার
- বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ
- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
- সংকীর্ণ দলীয়করণ বন্ধ
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।



