নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কদমতলী এলাকার ৫২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশের ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপির নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কদমতলী পশ্চিম থানা আমীর মো. কবিরুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থী কাজী মাইনুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে এলাকার বিভিন্ন সড়ক, সরু গলি ও নালা-নর্দমা থেকে জমে থাকা ময়লা, পচা আবর্জনা ও কালো বর্জ্য অপসারণ করা হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয় কয়েকজন বাসিন্দাকেও কাজে অংশ নিতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও নোংরা পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সরু গলি ও নালা-নর্দমায় বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল।
উদ্যোক্তারা জানান, শুধু একদিনের পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, এলাকাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
কদমতলী পশ্চিম থানা আমীর মো. কবিরুল ইসলাম বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হলে ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই কমবে।



